গণভোটের ‘হ্যাঁ’ ক্যাম্পেইনে ৭ দিনের বাজেট ছিলো ১ কোটি টাকা

গণভোটের ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ৭ দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, সারাদেশে গণভোটের প্রচারণা চালানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবন্ধিত সংগঠন না হওয়ায় ‘স্যাড ফাউন্ডেশন’ নামে একটি স্বতন্ত্র ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাথমিকভাবে ৫ কোটি টাকার একটি চুক্তি হলেও শেষ পর্যন্ত ৭ দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই অর্থ কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া শর্ত মেনেই খরচ করা হয়েছে এবং তাদের তালিকাভুক্ত অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।”

রিফাত রশিদ জানান, এই অর্থ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নির্ধারিত প্রচার কাজে ব্যয় করা হয়েছে এবং যথাযথভাবে অডিট সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা রিফাত রশিদের বিরুদ্ধে অর্থের তথ্য গোপন ও তছরুপের অভিযোগ তোলেন।

এই অভিযোগের জবাবে রিফাত রশিদ বলেন, “অভিযোগটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক। ফাউন্ডেশন গঠনের শুরুতে সিনথিয়া যুক্ত থাকলেও পরে তিনি নিজেই সরে দাঁড়ান। তাকে বাদ দিয়েই কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছিল।” তিনি আরও দাবি করেন, একটি বিশেষ মহল সংগঠনটিকে বিতর্কিত ও নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অভিযোগ তুলছে।