পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তার নিরাপত্তায় থাকা আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপু্রে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
ইউএনও সবুজ কুমার বসাক জানান, সকাল থেকে উপজেলার তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের কথা ছিল। দুপুরে তিনি সরেজমিনে পরিদর্শনে বের হন। এ সময় ভাউলাগঞ্জের একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার কারণে তেল বিতরণ শুরু হয়নি বলে খবর পান। সেখানে গিয়ে তিনি মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি দেখতে পান। অনেকেই ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে চেয়েছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি লাইনের শেষ দিকে গিয়ে যাদের ফুয়েল কার্ড নেই, তাদের সরে যেতে বলেন। এ সময় এক মোটরসাইকেল আরোহীর কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনওর ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ পরই দূর থেকে একটি দল মিছিলের মতো করে এগিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এতে আনসার সদস্য তৈবুল ইসলাম আহত হন। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে ইউএনওকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ এসে তাকে নিরাপদে সরিয়ে নেয়।
তিনি আরও জানান, ঘটনাটি তার কাছে পরিকল্পিত মনে হয়েছে, কারণ এর আগে কোনো ধরনের বাগ্বিতণ্ডা হয়নি। হামলাকারীরা ঘটনাস্থলে ধারণ করা কিছু ভিডিও মুছে ফেলতেও চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মলিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইউএনওকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, কিছু লোক তার সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনার পর ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল বিতরণ বন্ধ রাখা হয়েছে।