বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ‘বদলি নীতিমালা’ নিয়ে সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, একটি আধুনিক সফটওয়্যারের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যার ফলে শিক্ষকরা নিজ জেলায় শিক্ষকতা করার সুযোগ পাবেন।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, মূলত যারা এনটিআরসিএ-র মাধ্যমে নিয়োগের সুপারিশ পেয়েছেন, তারা এই নীতিমালার অধীনে নিজ জেলায় বদলি হওয়ার অগ্রাধিকার পাবেন। তিনি বলেন, “শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল নিজ এলাকায় ফেরার। আমরা সেই লক্ষ্যেই নীতিমালাটি চূড়ান্ত করছি। এটি কার্যকর হলে শিক্ষকরা তাদের পরিবারের কাছাকাছি থেকে পাঠদানে আরও মনোযোগী হতে পারবেন।”
নীতিমালাটির বর্তমান অবস্থা সম্পর্কে ড. এহছানুল হক মিলন বলেন, “সফটওয়্যারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং বিষয়টি নিয়ে গভীর আলোচনা চলছে। আমরা এর সম্ভাব্যতা যাচাই-বাছাই করছি। এটি এখন প্রি-ম্যাচিউর স্টেজে থাকলেও দ্রুততম সময়ে চূড়ান্ত ধাপে পৌঁছানোর চেষ্টা চলছে।”
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং শিক্ষা খাতে আরও গতিশীলতা আসবে।