Saturday, July 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: বাংলাদেশে পড়তে আসবে সারা বিশ্বের শিক্ষার্থী

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনে তিনি এসব কথা বলেন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম

বাংলাদেশকে বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, “এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে বাংলাদেশে আসবে।“

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের সূচনা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিয়মিত কৃতিত্ব অর্জন করছেন। তাই বাংলাদেশকেও আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।“

তিনি বলেন, “যুক্তরাজ্য শিক্ষা খাত থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আয় করে। বাংলাদেশও একদিন ১০০ বিলিয়ন ডলারের শিক্ষা অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।“

তিনি আরও বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের ‘সেন্টার অব এক্সিলেন্স’ ও ‘এডুকেশন হাব’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।“

অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে। প্রশ্নপত্র ও মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনতে সময় লাগবে এবং ধাপে ধাপে সেই সংস্কার করা হবে। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সম্প্রতি বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিজের বক্তব্য প্রসঙ্গেও ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার খবর পাওয়ার পরপরই সেখানে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া এবং অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।“

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে কোনো পরীক্ষা কেন্দ্র বন্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের। ঢাকায় বসে দেশের প্রতিটি এলাকার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়।“

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে নবগঠিত এই বিশ্ববিদ্যালয়।

   

About

Popular Links

x