কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদেশি পিস্তল, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। তিনি 'ডন রাসেল' নামে বেশি পরিচিত।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাসেল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং এলাকার সিকদার পাড়ায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এসময় রাসেলকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারে সে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
কোস্টগার্ড কর্মকর্তা আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে মাদক, মানবপাচার ও অস্ত্র সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে। এর আগে একাধিকবার টেকনাফ থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।