পরীক্ষা চলাকালে মাথায় ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান মাথায় পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। 

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, হঠাৎ সিলিং ফ্যানটি শিক্ষার্থীর মাথার ওপর পড়লে তার মাথার একপাশ কেটে যায়। এতে পুরো কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরীক্ষা কার্যক্রম কিছুক্ষণ ব্যাহত হয়। 

ঘটনার খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছালে শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পুনরায় ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়। 

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি দেখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের বেশ কিছু কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন তারা।