বিপৎসীমার ওপরে ৪ নদীর পানি, বন্যার আশঙ্কা

দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

মৌলভীবাজার জেলার মনু নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে বলেও জানিয়েছে তারা।