ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সন্ধ্যার মধ্যে দেশের চার জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তরটি।
বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা।
একইসঙ্গে এসব এলাকার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল সংস্থাটি।



