দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার (৩০ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ৩৯ মিলিমিটার। এছাড়া ঢাকায় শনিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।



