চাঁপাইনবাবগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে ৩ নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় একটি গরুও মারা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সদর, শিবগঞ্জ এবং নাচোল উপজেলায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ (১৭), শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (১৯), রানীবাড়ি গ্রামের সাদিয়া খাতুন (১৬), মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল (১৪), নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম (৪১) এবং গোসাইপুর গ্রামের হাসান আলি লালু (২১)।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, “শিবগঞ্জের ৩ জনই মারা গেছেন বাড়িসংলগ্ন আমবাগানে। ঝড়বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা।”
ওই তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, “সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আবদুল্লাহ। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। স্থানীয় মানুষেরা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতে গরুটিও মারা যায়।”
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কেটে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় সুমিয়ারা বেগম নামে এক নারী বজ্রপাতে মারা যান। এ ছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী নামের এক তরুণ আম বাগানে বজ্রপাতে মারা গেছেন।



