গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, আহত ১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ। 

তিনি জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছলে সামনের একটি চাকা ফেটে যায়। অতিরিক্ত গতি থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠায়।

শিপলু আহমেদ আরও জানান, এ ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা তা বোঝা যাবে বাসটি উদ্ধার শেষে। তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।