জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। অপর নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে।

স্থানীয়রা জানান, শামীম মিয়া নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি পাকাসড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন।

কয়েকজন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই দিনে পৃথক দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।