হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, অতঃপর যা হলো

কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২ মে) সকালে এই পরিদর্শনকালে তিনি থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। ওই সময় সেখানে উপস্থিত থাকা ব্যক্তি ও অন্য থানার পুলিশ সদস্যদের পরিচয় এবং আগমনের কারণ জানতে চান তিনি। পরে তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও পুলিশ মেসসহ থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ এবং সেখানে থাকা ব্যক্তিদের খাবারের মানও তিনি সরেজমিন পরীক্ষা করেন।

থানায় অবস্থানকালে কর্তব্যরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। এ সময় রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর বিষয়ে ওসিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।”

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। 

একই সঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতেই মন্ত্রীর এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।