সপ্তাহের ব্যবধানে দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে হাওর অঞ্চলের তিনটি জেলার সাতটি নদীর মোট আটটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
উত্তর-পূর্বাঞ্চলে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে সাতটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) সকাল ৯টার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পরিস্থিতির কথা জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেত্রকোণার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জ সদরে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগান এলাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে বইছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, সুনামগঞ্জের হাওর এলাকার নদীগুলোর পানির স্তর ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে খুব ধীরে বাড়ছে।