মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৩ মে) রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানিয়েছেন। 

তিনি বলেন, “বিল্লালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এরমধ্যে মোহাম্মদপুর ও আদাবরে ৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি।” 

তার নেতৃত্বে আদাবরে ৮ থেকে ১০ জনের একটা কিশোর গ্যাং গ্রুপ ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্য করে আসছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে একজনকে অস্ত্রের মুখে ৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই ছিনতাইটি বিল্লালসহ ৬-৭ জন মিলে ঘটিয়েছে বলে স্বীকার করেছে। 

ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি মানিকগঞ্জে আত্মগোপনে গা ঢাকা দেয় বিল্লাল। পরে, রবিবার ঢাকায় ফিরলে পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয়। 

এখন পর্যন্ত মোট ৬ বার গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া বিল্লাল মাস তিনেক আগে সবশেষ জামিনে ছাড়া পায়। 

বিল্লাল এখন পর্যন্ত ছিনতাইয়ের সময় ৬ থেকে ৭ জনকে কোপানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা।