Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাভারে আসামি ছিনিয়ে পুলিশের ওপর হামলা

মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৪৬ পিএম

ঢাকার সাভারে পুলিশের উপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামীকে ছিনিয়ে নেয়া এবং দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১০ জুন) ভোর রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের কাঞ্চনপুর এলাকার আরিফ ইসলাম (২০) ও মো. সাগর মিয়া (২৩), বক্তারপুর এলাকার মো. মারুফ (২০) ও মো. রাকেস মাল (৩০) এবং মো. হুমায়ুন (১৯)।

সাভার মডেল থানার পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সাভারের বক্তারপুর এলাকায় যান সাভার মডেল থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান। আসামীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পড়াতে গেলে রফিকুলসহ ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন। একপর্যায়ে আরো ৪০-৫০ জন মিলে পুলিশ সদস্যদের মারধর করে আসামী রফিকুলকে ছিনিয়ে নেয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে আহত পুলিশ সদস্য এসএম শামীম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। বুধবার ভোর রাতে সাভারের বক্তারপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ 

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন বলেন, “পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামীকে ছিনিয়ে নেয়া ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে ইতিমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।“

   

About

Popular Links

x