Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রী ও নারীদের নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগে যুবক গ্রেপ্তার

অভিযুক্তর মোবাইল ফোনে তার স্ত্রী এবং আরও তিন নারীর আপত্তিকর ভিডিও-ছবি পাওয়া গেছে

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:০৪ পিএম

নওগাঁর ধামইরহাট উপজেলার এক নারীর নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (৮ জুন) টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলিফ হোসেন ওই জেলার ঘাটাইল উপজেলার চরবিরসিংহ এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগী এক তরুণীর বাবা ধামইরহাট থানায় অভিযোগ করেন তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থানায় মামলা হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করার জন্য ওসিকে নির্দেশনা প্রদান করা হয়। তথ্যপ্রযুক্তি এবং সাইবার বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে একটি বিশেষ টিম সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুরে অভিযান পরিচালনা করে আলিফ হোসেনকে গ্রেপ্তার করে। তার মোবাইল ফোন জব্দ করে এসব ঘটনার তথ্য-প্রমাণ পাওয়া যায়।”

এসপি আরও বলেন, “এই মামলার ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও তিনজন নারীর অশ্লীল ও নগ্ন ভিডিও-ছবি অভিযুক্তর মোবাইলে ফোনে পাওয়া যায়। এমনকি তার স্ত্রীর নগ্ন ভিডিও সেখানে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলিফ হোসেন ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ব্যবহার করে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব করতেন। পরে কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে মোবাইল ফোনে সংরক্ষণ করতেন। ধারণ করা নগ্ন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করতেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x