ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুমার নদ থেকে কৌশিক সাহা জিতু নামে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষীপুরের মদনখালী স্লুইসগেট সংলগ্ন কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কৌশিক সাহা জিতু শহরের ওয়্যারলেসপাড়া এলাকার কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালের দিকে স্থানীয়রা নদে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে নৌ-পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পোশাক ও সঙ্গে থাকা চাবির সূত্র ধরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।
পরিবারের দাবি, গত রবিবার সন্ধ্যার পর পূজা দেখতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি কৌশিক। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মাসুদ হোসেন জানান, মরদেহটি পচে ফুলে যাওয়ায় প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে চাবি পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।



