আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কারাবন্দিদেরও শামিল করতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঁচটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদান করেছেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক।
বুধবার (১০ জুন) দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের কাছে টেলিভিশনগুলো হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন কারাবন্দিদের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে আগে থেকেই ১৩টিতে টেলিভিশন সচল ছিল। বন্দিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি ওয়ার্ডগুলোর জন্য আরও পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। এতে বিশ্বকাপ ঘিরে বন্দিদের মধ্যে আনন্দের পাশাপাশি শৃঙ্খলাও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, “নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দিরা বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন। একজন সাধারণ মানুষের মতো কারাবন্দিদেরও বিশ্বকাপের আনন্দ উপভোগের অধিকার রয়েছে। সেই বিবেচনা থেকেই তাদের জন্য টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে।“



