Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

শ্রেণিকক্ষে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে

ভুক্তভোগী শিক্ষিকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে ক্লাস চলাকালে এক শিক্ষার্থীর হাতে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ অক্টোবর) উপজেলার পচাসারুটিয়া মেহের আলী খান স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা রিমা রানী পাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার যথারীতি দশম শ্রেণির ষষ্ঠ ঘণ্টায় বাংলা ক্লাস নিতে যান রিমা রানী পাল। ক্লাস চলাকালে ওই শ্রেণির শিক্ষার্থী ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলতে থাকে। শিক্ষিকা তাকে কথা বলতে নিষেধ করলে সে তার সঙ্গে অশোভন আচরণ করে এবং একপর্যায়ে গায়ে হাত তোলে।

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, “দশম শ্রেণির ক্লাস চলাকালে ইব্রাহিম খলিল অতিরিক্ত কথা বলছিল। আমি নিষেধ করায় সে আমার ওপর আঘাত করে। বিষয়টি আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

বিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাটিকে মর্মাহত ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য রাগবীর হোসেন বলেন, “ঘটনা শোনার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। সভাপতির সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান বলেন, “দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে আমার সহকারী শিক্ষিকা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমি সভাপতিকে অবহিত করেছি। সবাই মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x