Thursday, October 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্গাপূজার কথা বিবেচনায় সাজেকে অবরোধ স্থগিত

১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির সাজেকে পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে। স্থগিতের ঘোষণার পরপরই জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে পর্যটকদের জন্য সাজেক ভ্যালি আবারও খুলে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার পূজা উদ্‌যাপন কমিটির অনুরোধে এবং দুর্গাপূজার সার্বজনীন উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে সড়ক অবরোধ স্থগিত রাখা হয়েছে।

সংগঠন দুটির পক্ষ থেকে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তারা জানান, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার জন্যই এ কর্মসূচি ডাকা হয়েছিল। তবে দুর্গাপূজার পর স্থানীয় বাসিন্দাদের তিন দফা দাবি ও শর্ত পূরণ না হলে আবারও কর্মসূচি কার্যকর করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিষয়টি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অবরোধ স্থগিতের ঘোষণার পর জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ১১ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তে দীর্ঘদিন পর আবার সাজেকে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে সাজেক এলাকায় আধিপত্য ছিল পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের। অভিযোগ উঠেছে, সম্প্রতি সাজেকের অধিকাংশ এলাকায় প্রতিপক্ষ জেএসএস ইউপিডিএফের এলাকাগুলো দখলে নিয়েছে। এর প্রতিবাদে এবং জেএসএসকে তাড়িয়ে দেওয়ার দাবিতে এলাকার মানুষকে ব্যবহার করে গত কয়েক দিন ধরে অবরোধ কর্মসূচি পালন করে আসছিল ইউপিডিএফ।

   

About

Popular Links

x