নওগাঁয় পাচারের সময় ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাকে আটক করা হয়। আটক মোস্তফা আলী ওই এলাকার বাসিন্দা।
সন্ধ্যায় ১৬ বিজিবির (নওগাঁ ব্যাটালিয়ন) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
তিনি জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, পাচারের উদ্দেশ্যে মোস্তফা আলী নামে একজন কষ্টিপাথরের একটি মূল্যবান শিবলিঙ্গ মূর্তি নিজের কাছে রেখেছেন। এরপর টাস্কফোর্স গঠন করে চক রাজবল্লভ এলাকায় অভিযান চালানো হয় এবং তার কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা শিবলিঙ্গটি আইনানুগ ব্যবস্থা নিতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



