ঢাকার সাভারে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- সাভার মডেল থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক(এসআই) এসএম শামীম ও সহকারী উপ-পরিদর্শক মশিউর রহমান খান।
আহত পুলিশ সদস্য এসএম শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে তিনি এবং এএসআই মশিউর রহমান বক্তারপুর এলাকায় যান। অভিযানের একপর্যায়ে তারা রাত সাড়ে ৭ টার দিকে রফিকুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর হাতকড়া পরাতে গেলে রফিকুলসহ ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে তাদের দুজনকে মারধর করেন। একপর্যায়ে ৪০-৫০ জনের একটি দল তাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। যদিও হামলাকারীদের ধরতে পারা যায়নি।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, “রাত সাড়ে ৮ টার দিকে দুইজন পুলিশ সদস্যকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে দুইজন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত দুই পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।”



আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ ৭ পুলিশ সদস্য