Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ ৭ পুলিশ সদস্য

যশোরের চৌগাছা উপজেলায় হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা

আপডেট : ০৭ মে ২০২৫, ০১:০৭ পিএম

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে দুই দফায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে হওয়া এ ঘটনায় ওসিসহ আহত হয়েছেন পুলিশের সাত সদস্য।

আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার আসামি ধরতে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও উত্তম ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। সেখানে তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কিছু দুর্বৃত্ত পুলিশের কাজে বাধা দেন। তাদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের হামলা করা হয়। এতে ওসিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন বলেন, “পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”

   

About

Popular Links

x