Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গ্রাহকের ক্রেডিট ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ব্যক্তি একটি স্বনামধন্য ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সারোয়ার হোসেন (৪০) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানের ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম) বিভাগের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। সে সময় এক গ্রাহক তার নামে একটি ক্রেডিট কার্ড ইস্যুর আবেদন করেন। পরে প্রয়োজন না থাকায় গ্রাহক কার্ডটি ব্যবহার না করে ব্যাংকে ফেরত দিলেও সারোয়ার হোসেন ব্যাংকে সেটি জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন।

একইসঙ্গে তিনি ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির নিয়ন্ত্রণ নিজের কাছে রাখেন, যেন সব ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) তার কাছে পৌঁছায়। পরবর্তীতে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিভিন্ন আর্থিক লেনদেন করেন।

জসীম উদ্দিন খান আরও জানান, সম্প্রতি ভুক্তভোগী গ্রাহক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) একটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারেন, তার নামে ২০১৭ সালে ইস্যু করা ক্রেডিট কার্ড থেকে ঋণ নেওয়া হয়েছে।

এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে সংশ্লিষ্ট ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি উদ্ঘাটিত হলে ব্যাংকটির পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়।

তদন্তে জানা যায়, ভুক্তভোগী গ্রাহকের অজ্ঞাতে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে ২০১৭ সালের শেষ দিক থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা ঋণ নেওয়া হয়।

পরবর্তীতে মোট লেনদেনের বিপরীতে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট অর্থ ও মুনাফাসহ ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করা হয়।

সিআইডির এ কর্মকর্তা জানান, সারোয়ার হোসেন ব্যাংকে কর্মরত অবস্থায় গ্রাহকের প্রতি অর্পিত বিশ্বাসের অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। পরে ২০১৯ সালে চাকরি ছেড়ে দিলেও তিনি ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে লেনদেন অব্যাহত রাখেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় সিআইডি।

   

About

Popular Links

x