Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে নেমেই মেসির গোল, আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার

আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সেরেছে দলটি 

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:০৮ পিএম

আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।  

হন্ডুরাসকে ২-০ গোলে হারানোর পর আইসল্যান্ডের সঙ্গে এই জয়ে বিশ্বকাপের জন্য ম্যাচ-প্রস্তুতি শেষ করলো চ্যাম্পিয়নরা। অপেক্ষা এখন শিরোপা ধরে রাখার অভিযান শুরু করার। 

যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অবশ্য ভীতি ছড়িয়েছিল আইসল্যান্ড। তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফাঁকা পোস্ট পেয়েও বল ক্রসবারের ওপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন এলার্টসন। তবে শুরুর ধাক্কা সামলে অষ্টম মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। আইসল্যান্ডের বক্সে বল ক্লিয়ারের ব্যর্থতায় জটলা থেকে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী ডিফেন্ডার ভালেন্তিন বার্কো। আর্জেন্টিনার জার্সিতে চার ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।

মিনিট তিনেক পর হোসে লোপেসের শট আইসল্যান্ডের গোলকিপার ফেরালেও ফিরতি বল কাজে লাগানোর মতো কেউ ছিল না। ৩৯তম মিনিটে বক্সের ভেতর জুলিয়ানো সিমেওনের দুর্বল শট সহজেই ধরেন প্রতিপক্ষের কিপার। পরের মিনিটে নিকো পাসের ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন আইসল্যান্ডের গোলকিপার। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে পাঁচ পরিবর্তন নিয়েও মাঠে দাপট ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে সিমিওনের শট আইসল্যান্ডের কিপার পা দিয়ে আটকে দেন। এর তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে নিকো পাসের পাস বক্সে ফাঁকায় পেয়েও পা ছোঁয়াতে দেরি করেন লাউতারো মার্তিনেস। একটু পর মার্তিনেসের আরেকটি শট গোলকিপারকে পরাস্ত করলেও তা পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৬৯তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গত ২৪ মে ইন্টার মায়ামির ম্যাচে পেশির অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ার পর এই প্রথম মাঠে নামেন লিওনেল মেসি। গ্যালারিভর্তি ৮৮,০০০ দর্শকের তুমুল করতালির মধ্যে তিনি মাঠে নামার পর বদলে যায় আর্জেন্টিনার আক্রমণভাগ। মাঠে নামার দুই মিনিটের মাথায় মাঝমাঠ থেকে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে লাউতারো মার্তিনেসকে পাস বাড়ান মেসি। মার্তিনেসকে বক্সের ভেতর আইসল্যান্ডের কিপার ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭২তম মিনিটে স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

৮৬তম মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোলেও ছিল মেসির অবদান।আরেকটি পাল্টা আক্রমণ থেকে মেসি বক্সের ভেতর বল দেন রদ্রিগো দে পলকে। তিনি বল বাড়ান মাঝখানে আলমাদার দিকে। আলতো শটে গোলকিপারকে পরাস্ত করতে সমস্যা হয়নি তার।

টানা দুই প্রস্তুতি ম্যাচে জয় এবং বিশেষ করে অধিনায়ক মেসির চোট কাটিয়ে মাঠে ফেরা আর্জেন্টিনা সমর্থকদের বড় স্বস্তি এনে দিয়েছে। আগামী সপ্তাহে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মূল অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

   

About

Popular Links

x