Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এই ছাত্রদল নেতা

আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৫৯ এএম

ঢাকার সাভারে সদ্য গঠিত পৌর কমিটিতে স্থান পাওয়া এক ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (৮ জুন) বেলা ১১ টা নাগাদ সাভারের ছায়াবীথি মহল্লা থেকে রিয়া মনি (২১) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

অভিযুক্ত ছাত্রদল নেতা রনি ইসলাম (২২), তিনি কুষ্টিয়ার ইবি থানা এলাকার ফকিরপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে সাভারের পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় থাকতেন। তিনি সদ্য গঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন এই ছাত্রদল নেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। গত ৫ জুন সদ্য গঠিত সাভার পৌর ছাত্রদলের কমিটিতে সহসাধারণ সম্পাদক হিসেবে ১৩২ নম্বর ক্রমিকে নাম রয়েছে তার।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, গত রাতে স্ত্রীকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। এরপর নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় অভিযুক্ত।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।

   

About

Popular Links

x