সাভারে বকেয়া ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি আহসান উল্লাহ স্বপনকে (৪২) কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রবিবার দিবাগত রাত ১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মেহেদী হাসান শ্রাবণ সাভার মডেল থানায় ফারুক হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বক্তারপুর এলাকার ফারুক হোসেন ওই সমবায় সমিতি থেকে ১২০ দিনের মেয়াদে ৩০ হাজার টাকা ঋণ নেন। নির্ধারিত সময় পার হলেও তিনি টাকা পরিশোধ না করে নানা টালবাহানা করতে থাকেন। পরে আহসান উল্লাহ স্বপন পাওনা টাকা পরিশোধের তাগাদা দিলে ফারুক তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রবিবার দিবাগত রাত ১টার দিকে এলাকায় লোডশেডিং চলাকালে আহসান উল্লাহ স্বপন নিজ বাড়ির গেটের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ফারুকের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুল ওহাব জানান, হামলাকারীরা ভুক্তভোগীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। অভিযোগ সূত্রে বকেয়া ঋণের বিষয়টিকে হামলার কারণ হিসেবে বলা হলেও, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



