Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিস্যু পেপারে বোমার হুমকি, ৩২ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করলো বিমান

হুমকির পর সেটি আহমেদাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

সৌদি আরবের দাম্মাম থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির পর সেটি ভারতের গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার (৩১ আগস্ট) বিমানের এক ক্রু সদস্য শৌচাগারে টিস্যু পেপারে হাতে লেখা “বোমা” শব্দটি দেখতে পাওয়ার পরই বিমানটি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ফ্লাইটটি ভারতীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে দাম্মাম থেকে উড্ডয়ন করে। যাত্রাপথে দিল্লি যাওয়ার সময় হুমকির বার্তাটি পাওয়ার পর পাইলটরা আহমেদাবাদের দিকে বিমান ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বিকেল ৪টা ২২ মিনিটের দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে।

আহমেদাবাদ পুলিশের 'জি' ডিভিশনের সহকারী কমিশনার (এসিপি) ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করে জানান, উড্ডয়নরত অবস্থায় বোমা সংক্রান্ত লিখিত বার্তা পাওয়ার পরপরই পাইলটরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটি আহমেদাবাদে অবতরণ করানোর সিদ্ধান্ত নেন।

অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন এলাকায় সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলো পুরো বিমানে সতর্কতার সঙ্গে চিরুনি তল্লাশি চালায়। তবে বিমানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীর সকলেই নিরাপদে অবতরণ করেছেন এবং তাদের আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২ এ নিরাপদ স্থানে রাখা হয়েছে। কর্তৃপক্ষ এই হুমকিকে সম্ভাব্য ভুয়া (হোক্স) হুমকি হিসেবে বিবেচনা করে কে বা কারা শৌচাগারে এই বার্তাটি রেখেছিল তা শনাক্তে তদন্ত শুরু করেছে।

   

About

Popular Links

x