Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদক কারবারের আধিপত্য নিয়ে গেন্ডারিয়ায় গুলি, শনাক্ত ৩ অস্ত্রধারী

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করেছে পুলিশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম

পুরান ঢাকার গেন্ডারিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে গোলাগুলি ও ভাঙচুরের ঘটনায় অস্ত্রধারী তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়, এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক জামে মসজিদের পাশের গলিতে এই ঘটনা ঘটে। এতে চা-দোকানি আলমগীর, পথচারী আশা আক্তার ও খাবারের দোকানের কর্মী সিয়াম গুলিবিদ্ধ হন। এছাড়া ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সদস্য ওমর নবী বাবুকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, রবিবার বিকালে গেন্ডারিয়ার রেললাইনসংলগ্ন করাতিটোলা এলাকা থেকে রাকিব, বিল্লাল ও রিফাত নামের তিন তরুণকে মাদক বিক্রির অভিযোগে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাদের ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির এক নেতার কার্যালয়ে নেওয়া হয় এবং সেখান থেকে পুলিশে খবর দিয়ে থানায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তিন তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করেই পরবর্তীতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, তিন আসামিকে ধরিয়ে দেওয়ার পরপরই বিএনপির ওই কার্যালয়ে হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিন তরুণকে থানায় নেওয়ার সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলাকারীরা বিএনপির ওই নেতার কার্যালয়সহ আশপাশের আরও পাঁচটি দোকানে ভাঙচুর চালায়। এ সময় কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক মুদিদোকানির বরাতে জানা যায়, হঠাৎ গুলির শব্দ শুনে তিনি দ্রুত দোকান বন্ধ করে সরে যান এবং হামলাকারীদের বেশির ভাগের হাতে অস্ত্র ছিল বলে তিনি জানান।

পুলিশের একটি সূত্র জানায়, মাদক কারবারের আধিপত্য নিয়েই এই ঘটনা ঘটেছে। বিএনপির ওই কার্যালয়কে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। কার্যালয়ের দরজা ও জানালায় গুলির চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি মনিরুজ্জামান খান আরও জানান, এখনো কোনো মামলা দায়ের হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে অস্ত্র হাতে থাকা তিনজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।

সোমবার সকালে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে বলে জানান সিআইডির পরিদর্শক সাইফুর রহমান।

   

About

Popular Links

x