ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার জানান, গেজেট প্রকাশের আগে আজ সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছে কমিশন। এই সময়ের মধ্যে একই জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট আদেশ বা তথ্য আসে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কোনো আইনি নির্দেশনা না আসে, তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামেই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে।
প্রার্থিতা নিয়ে মনিরা শারমিনের দেওয়া চিঠির বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “মনিরা শারমিনের চিঠিতে আইনি কোনো ভিত্তি বা কজ লিস্টের উল্লেখ নেই। শুধু একটি চিঠির ওপর ভিত্তি করে গেজেট প্রকাশ অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখা সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, মনিরা শারমিন তাঁর চিঠিতে শুনানির কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করতে পারেননি।
গেজেট প্রকাশের পর যদি মনিরা শারমিনের পক্ষে আদালত থেকে কোনো আদেশ আসে, তবে কমিশনের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “যদি তিনি আদালত থেকে কোনো আদেশ আনতে পারেন, তবে কমিশন অবশ্যই তা বিবেচনা করবে। আদালতের আদেশের পর কমিশন কোনো আপিল করবে না, বরং সেই আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত তিনি কোনো আদেশ দাখিল করতে পারেননি।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জোটগত মনোনয়নের লড়াইয়ে নুসরাত তাবাসসুম ও মনিরা শারমিনের মধ্যে আইনি টানাপড়েন সৃষ্টি হয়। কমিশন সব দিক বিবেচনা করে আইনি জটিলতা না থাকলে নুসরাত তাবাসসুমকেই বিজয়ী হিসেবে গেজেটভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত করছে।