সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও লুটপাটের চেষ্টার অভিযোগে রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) নামের দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে একটি দুষ্কৃতিকারী চক্র খুলনার দাকোপ থানার ঢাংমারী খালের কাছে সুন্দরী ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৪ মে বিকেল ৫টায় মোংলার কোস্ট গার্ড বেইস একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুইজন দুষ্কৃতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতে আছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।