ন্যাশনাল ব্যাংক - এর সাবেক পরিচালক এবং আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন।
সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত কয়েক বছরে নানা বিতর্কে আলোচনায় ছিলেন রন হক সিকদার। ২০২৪ সালে দুর্নীতি দমন কমিশন তার ও তার ভাই রিক হক সিকদারের বিরুদ্ধে প্রায় ৭১ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি মামলা করা হয়।
দুদকের পরিচালক বেনজীর আহমেদ কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন। পরে ওই বছরের অক্টোবরে এ দুই মামলায় অভিযোগপত্র অনুমোদনের কথা জানায় সংস্থাটি। দুটি মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে মোট ৭১ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়।
মামলার এজাহার অনুযায়ী, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সীমার বাইরে বিপুল অঙ্কের ডলার খরচ করে পরে সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হয়।
এর আগে, ২০২০ সালের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করে। মামলায় রন হক সিকদার ও তার ভাইয়ের বিরুদ্ধে ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
এছাড়া তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আরও মামলা ও তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে তিনি থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন বলে জানা গেছে।