নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় র্যাবের ব্যাটালিয়ন সদরে প্রেসব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র্যাব-১৪ মিডিয়ার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪–এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন।
চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অভিযুক্ত ওই শিক্ষক। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। আর শিশুটি তার নানার বাড়িতে থেকেই লেখাপড়া করতো।
সম্প্রতি শিশুটি অসুস্থবোধ করে, একইসঙ্গে তার মধ্যে শারীরিক কিছু পরিবর্তন আসলে, তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি জানতে পারেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি অন্তঃস্বত্ত্বা প্রমাণিত হলে মেয়েটির মা থানায় বাদী হয়ে একটি মামলাদায়ের করেন।