নেত্রকোণায় হাতির পায়ের চাপায় প্রাণ গেল যুবকের

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে হাতির পায়ের চাপায় প্রান্ত রাংসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (৬ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের বাসিন্দা লিপশন নকরেক এর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে খাবারের সন্ধানে কিছু হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় প্রান্ত রাংসা পাকা ধানক্ষেত পাহারা দেওয়া শেষে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ তার সামনে হাতির দল পড়ে যায়। হাতির দল দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় হাতি শুঁড় দিয়ে টেনে আছাড় মেরে পায়ে পিষ্ট করে প্রান্তকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আরও জানায় সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে।

নিহতের বাবা লিপশন নকরেক বলেন, “আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।”  

ওসি খন্দকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।