ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২০) নামে এক গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। 

এ ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত সাকিবকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। 

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক অজয় কুমার কুণ্ডু তথ্যটি নিশ্চিত করেছেন। 

নিহত খাদিজা খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের কালাম শেখের মেয়ে। অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে স্ত্রী চাঁদনী আক্তারকে নিয়ে নড়াইলের বাহিরগ্রামে খালার বাড়ি বেড়াতে আসেন স্বামী সাকিব শেখ।  

পরে, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাকিব তার ঘুমন্ত স্ত্রী চাঁদনী আক্তারকে বঁটি দিয়ে কোপ দেন। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় চাঁদনী আক্তারকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানা পুলিশের অজয় কুমার কুন্ডু বলেন, “ওই নারীকে হাসপাতালে আনার পর প্রাথমিকভাবে স্বামীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অসাবধানতাবশত তিনি বঁটির ওপর পড়ে আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অভিযুক্ত স্বামী সাকিবের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হয়। এ সময় সাকিবকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা তিনি স্বীকার করেন।”