কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক সশস্ত্র গ্রুপের ‘কমান্ডার’কে হত্যার ২৪ ঘণ্টা পার না হতেই আরেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোহাম্মদ কামাল আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) নেতা নবী হোসেনের ছোট ভাই।
বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত কমান্ডার রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের চাচাতো ভাই আয়ুব হোসেনের দাবি, জোহরের নামাজ শেষে বাজার এলাকায় যাওয়ার সময় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) ১২-১৩ জন সদস্য কামালকে গুলি করে হত্যা করে।
এপিবিএনের কমান্ডার রিয়াজ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, এরপরে তার মৃত্যু হয়। তার মাথায় ও বুকে গুলি করা হয়েছিল।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তারজার ব্রিজ এলাকায় গোলাগুলিতে নিহত হন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এআরও-এর ‘কমান্ডার’ কেফায়েত উল্লাহ হালিম (৪৫)।
এ নিয়ে উখিয়ার ক্যাম্পে ২৪ ঘণ্টায় গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনা ঘটলো।