কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির গরুবাহী একটি ট্রাক থামিয়ে ১০টি গরু লুট করেছে ডাকাতদল। এ সময় হামলায় ট্রাকচালক ও তার সহকারী গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাজশাহীর চারঘাট বাজার থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১০টি গরু নিয়ে চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক আকরাম হোসেন। ভোরে ট্রাকটি চৌদ্দগ্রামের বালুজুড়ি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।
এ সময় ডাকাতরা চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। পরে ট্রাকটি চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লাবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে একটি পিকআপে করে ১০টি গরু নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। যাওয়ার আগে চালক ও তার সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গরুর মালিক মো. রফিক জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য গরুগুলোকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় চালক ও হেলপারকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আরিফ হোসাইন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।