Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে ইত্যাদি জিন্স লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে ইত্যাদি জিন্স লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিকরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

গত ১৩ আগস্ট ইত্যাদি জিন্স লিমিটেডের কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে বলা হয়, চলতি মাসের ২০ থেকে ২২ আগস্টের মধ্যে বর্তমান মালিক নতুন মালিককে কারখানায় এনে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

নোটিশে আরও বলা হয়, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পূর্বের নিয়োগের তারিখ বহাল রেখে নতুন মালিকের অধীনে চাকরি চলমান থাকবে। নতুন মালিক এতে দ্বিমত পোষণ করলে বর্তমান মালিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দেবেন।

শ্রমিকদের অভিযোগ, নোটিশে মালিকানা হস্তান্তর ও চাকরি বহাল রাখার বিষয়ে বলা হলেও বকেয়া বেতন দ্রুত পরিশোধের নিশ্চয়তা না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একইসঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে কাজ করতে দেখা যায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x