চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন বাম-প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) কোম্পানিটির সঙ্গে বন্দরের কনসেশন চুক্তি সই হয়েছে।
১৫ বছরের জন্য হওয়া চুক্তির বিরোধিতা করে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে সিপিবি, বাসদ, ছাত্রজোট, গণতান্ত্রিক অধিকার কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন।
এসময় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এতে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সিপিবি নেতা মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বলেন, ‘‘আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।’’
তিনি আরও বলেন, ‘‘এর প্রতিবাদ করার জন্যই আজ আমরা এসেছি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে ব্যাপক লাঠিপেটা করেছে। এতে আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।’’
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি অপারেটরের কাছে এনসিটির পরিচালনার দায়িত্ব দেওয়া হলে বন্দরের কার্যক্রমের দক্ষতা বাড়বে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কনটেইনার ওঠানো-নামানোর গতি বাড়ানোর পাশাপাশি বন্দর ও লজিস্টিক অবকাঠামো খাতে বিদেশি বিনিয়োগ আসবে। এতে আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনার সঙ্গে কাজের সুযোগ পেয়ে স্থানীয় কর্মীদের দক্ষতাও উন্নত হবে।



