ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাবার পরই পেছনে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশে ওই দুই ব্যক্তি আগুন লাগিয়েছে বাসে। আগুন দেওয়ার পর তারা দ্রুত নেমে যান।”

হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, “বাসে অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।”