চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন তামান্না ও মো. খলিল। এরমধ্যে তামান্না বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার বাসিন্দা এবং কলসির দীঘির পাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইপিজেড থানাধীন সিইপিজেড ৫ নাম্বার রোডে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



