Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

নওগাঁয় বেসরকারি মেট্রো হাসপাতালে সিজারের সময় প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাই করার অভিযোগে চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

আসামিরা হলেন অপারেশনকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেস্থেসিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটার ইনচার্জ মোসা. সালমা বিবি নাজমা (৩২) এবং দালালের দায়িত্বে থাকা মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও মো. নাহিদ বাবু (২২)।

মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা প্রসূতি রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক দালাল ভালো সিজারিয়ান অপারেশনের প্রলোভন দেখিয়ে ৮ হাজার টাকার চুক্তিতে তাকে শহরের বেসরকারি মেট্রো হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাতেই চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন তার সিজারিয়ান অপারেশন করেন।

অস্ত্রোপচারের পর থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ কাপড় বের করে। এরপরও পরিস্থিতির উন্নতি না হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার মৃত্যু হয়।

ঘটনার পর নওগাঁর সিভিল সার্জন মেট্রো হাসপাতাল পরিদর্শন করে এটিকে অনিবন্ধিত হাসপাতাল বলে নিশ্চিত করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি গত ১৩ এপ্রিল আদালতের নজরে আসে। আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। গত ২২ আগস্ট পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। ধারাবাহিকতায় বুধবার আদালত প্রতিবেদন আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

   

About

Popular Links

x