Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে বাড়ল ১৭ টাকা

এর আগে গত মাসে বেড়েছিল ৬ টাকা ১৩ পয়সা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

দেশে টানা কয়েক মাস কমার পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম টানা তিন মাস ধরে বাড়ছে। এবার প্রতি লিটারে বাড়ানো হয়েছে ১৭ টাকা ৬ পয়সা। এর আগে গত মাসে বেড়েছিল ৬ টাকা ১৩ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করছে সংস্থাটি।

বিইআরসির নতুন দর অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য লিটারপ্রতি দাম হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা, যা আগে ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় লিটারপ্রতি মোট ১০৭ টাকা বেড়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালালে তেলসমৃদ্ধ প্রায় পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের হামলায় জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়, ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম অস্থির হয়ে ওঠে। পরে যুদ্ধবিরতি শুরু হলে দাম কমতে থাকে।

আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়। প্রজ্ঞাপনের পর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি করে সংস্থাটি। এরপর থেকেই প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

   

About

Popular Links

x