বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে।
নিরাপত্তাজনিত কারণে এই রুটের ফ্লাইট বন্ধ থাকছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।
বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল করবে।
গত ১০ অক্টোবর প্রথম রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলা চালায় হুথিরা। এরপর থেকে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে, মাঝে রুটটিতে একটি ফ্লাইট পরিচালনা করেছিল বিমান।
ঢাকা থেকে রিযাদগামী ফ্লাইট বন্ধ থাকলেও এই রুটের যাত্রীদের জেদ্দা, মদিনা ও দাম্মাম রুট দিয়ে সৌদি আরবে পৌছে দেওয়া হচ্ছে। রিয়াদে চাকরিরত অনেক বাংলাদেশির সময়মতো চাকরিতে যোগদানের বিষয় রয়েছে বা কারও কারও ভিসার মেয়াদ শেষের পথে। এ ধরনের যাত্রীদের অগ্রাধিকারের ভিত্তি বিকল্প রুট দিয়ে পরিবহনের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।
এদিকে সৌদি আরবগামী রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে এখন পর্যন্ত ১৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। আর এতে ঢাকায় আটকে পড়েছেন ২৩, ১৬১ জন যাত্রী।



