Wednesday, October 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় বেতন কাঠামো, ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন স্কেলের গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বুধবার (৭ অক্টোবর) বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়, জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর আওতায় স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য অর্থ বিভাগ গত ১৭ সেপ্টেম্বর গেজেট জারি করেছে। সেই গেজেটের কপি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট তিনটি ক্যাটাগরির প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের কপি গেছে। এ ছাড়া দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালককেও কপি পাঠানো হয়েছে।

এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে বেতন-ভাতা দেওয়া হবে। ৩০ জুন ২০২৬ তারিখে যে মূল বেতন ছিল, তার ভিত্তিতে নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করা হবে। প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেওয়া হবে পার্থক্যের ৭০ শতাংশ। এরপর তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে দুই দফায় মূল বেতনের ৭০ শতাংশ দেওয়ার জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

   

About

Popular Links

x