Tuesday, October 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি হচ্ছেন যারা

নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন তিনজনকে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন তিন এমডিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠি অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি পদে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে সরকার। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অগ্রণী ব্যাংকের এমডি পদে মনোনয়ন পেয়েছেন বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদ। তাকে নিয়োগের পরবর্তী ব্যবস্থা নিতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এছাড়া জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি পদে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় কার্যক্রম নিতে বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগের ক্ষেত্রে সরকার প্রার্থী মনোনয়ন দেয়। এরপর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে।

এর আগে, পূজার ছুটি শুরুর আগে গত ১৯ অক্টোবর জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছিল সরকার। এরপর তিন ব্যাংকের শীর্ষ পদে নতুন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলো।

   

About

Popular Links

x