কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ সৈকতের সুগন্ধা এলাকাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন তিনি।
জেলা প্রশাসন কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



