ভারতের পুশব্যাক করা ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশব্যাক করা ১০ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৮ মে) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে কুলাউড়া থানা পুলিশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান এলাকায় ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বিজিবির ৪৬ ব্যাটেলিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল। জিজ্ঞাসাবাদে তারা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর সম্প্রতি বিএসএফ তাদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। 

আটককৃতরা হলেন- নেত্রকোনার রাহুল তালুকদার ও যুবরাজ সরকার; সুনামগঞ্জের হাবুল দাস, তার স্ত্রী সুমিত্রা দাস, তিন সন্তান অনামিকা, ভূমি ও হেমন্ত। এছাড়া গোপাল দাস, মো. আল আমিন ও তার স্ত্রী ফাতেমা বেগম রয়েছেন।  

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, “বিজিবি সদস্যদের মাধ্যমে হস্তান্তরের পর পরিচয় নিশ্চিত হয়ে সন্ধ্যায় স্বজনদের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”