যশোরের শার্শা উপজেলায় অবস্থিত বেনাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো নারী-শিশু ১০ ব্যক্তিকে আর দেখা যাচ্ছে না।
বুধবার (৩ জুন) সকালে এই প্রতিবেদক সরেজমিনে সাদিপুর গ্রামে গিয়েও বোম্বে তলা মাঠের বিপরীতে গিয়েও তাদের দেখা পাননি। এমনকি, সীমান্তে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখতে পায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
ধারণা করা হচ্ছে, শূন্যরেখার ভারতীয় ভূখন্ড থেকে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) গভীর রাতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে ১০ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি সদস্যরা আগে থেকে সতর্ক অবস্থানে থাকায় তা প্রতিহত করলে তারা সীমান্তের জিরো লাইনে আটকে পড়ে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, “মঙ্গলবার আমি এবং জওয়ানরা মিলে ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় প্রচণ্ড গরমে তারা ঝোপঝাড়ে অথবা গাছের নিচে গোপনে অবস্থান করছিল। এবং তাদের ব্যাগগুলো ভারত সীমান্তের একটি খালি ক্ষেতের মধ্যে ফেলা ছিলো। সকাল থেকে তাদের এবং ব্যাগগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করছি।”
“সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। টহল অব্যাহত আছে। রবিবার রাত থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। এসময় বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়,” বলেও জানান তিনি।



বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
দ্বিতীয় দিনেও শূন্যরেখায় আটকে আছেন বিএসএফের ঠেলে পাঠানো ১০ ব্যক্তি